পত্রিকায় ছেপেছে
হঠাৎ তাকাতেই চলমান বিরক্তি মিইয়ে দিয়ে চোখ আমার ছানাবড়া। অত্মরজুড়ে আনন্দ হিল্লোল। ইচ্ছে করছিল প্রাণখুলে অট্টহাস্যে প্রকম্পিত করি চারধার। ওষ্ঠ যুগলে বয়ে চলে মৃদু কম্পন। আমি হাসি থামাতে পারছি না।
প্রকৃতির সাজানো সবুজের সমারোহ। আর চলন্ত বাসের ভেতর আমি। চারপাশে অজানা-অচেনা লোকের সমারোহ। ঢাকা-কুয়াকাটা মহাসড়ক ধরে বাস ছুটছিল দুর্বার। ঘড়ির কাঁটা তখন ১১টা ছুঁইছুঁই করছে। সকালবেলা যে চনমনে ভাব নিয়ে রওনা করেছিলাম, রোদের তাপ বাড়ার সঙ্গে সঙ্গেই শরীর ও মন দুটোই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল ক্রমেই। সব মিলিয়ে তন্দ্রা লেগে গিয়েছিল। বাসের অনেক সিট খালি। এমনকি পাশের সিটও। সামনের স্টেশন থেকে যাত্রী উঠবে হয়তো। দূরপাল্লার গাড়িতে পার্শ্বযাত্রীর ব্যাপারে আমার কিছু অ্যালার্জি পুরোনো। এসব সাতপাঁচ ভাবতেই থামল বাসটি। হয়তো যাত্রী তোলার জন্য। আমার দুশ্চিন্তা ঊর্ধ্বগতিতে ধাবমান।
বেশ ভিড়। নানা বয়সের যাত্রী। অধিকাংশই পুরুষ। একজন নারী। আমার দূরপাল্লার যাত্রার আরেকটি অ্যালার্জির বিষয় পাশের যাত্রী হিসেবে নারী। অপরিচিত কারও সঙ্গে বসতে দারুণ অস্বস্তি লাগে। বাস চলতে শুরু করছে। একবার তাকিয়েই বুঝলাম মেয়েটি খুব সুন্দরী। আর তাকালাম না। সাহসে কমতি ছিল হয়তো। সুন্দরী একটা মেয়ে আমার পাশে বসে ৫৩৪ মাইল! ভাবতেই গা শিউরে উঠছিল।
স্টেশন থেকে একটা পত্রিকা কিনেছিলাম। নিজের বিরক্তি বা লাজুক ভাব কাটাতে পত্রিকাটি তুলে থমকে আছি। উত্তেজনায় লম্ফ দিয়েছিলাম কি না জানি না। তবে যাত্রীর বিরক্ত হয়ে দেওয়া খেঁকানিতে বুঝলাম কিছু ভুল হচ্ছে হয়তো।
চুপচাপ ভয়ার্ত কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, আমার প্রথম লেখা...পত্রিকায় ছেপেছে।